Saturday, February 25, 2012

একদিন.. নিশ্চয়ই!

এ পর্যন্ত যে কয়েকজন স্কলার/দা'ঈর লেকচার শুনে ইসলামের প্রেমে পড়েছি তাদের একেক জনের কথার শৈলীতে মনে একেক রকম প্রভাব পড়েছে। উয়িসাম শেরীফ, অতি..রিক্ত ফানি, কথা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়... কিন্তু কোথা থেকে যে কোথায় চলে যায়, খেই রাখা যায় না। নোমান আলী খান, প্রাণবন্ত, কথা শুনতে ভাল লাগে, পাশাপাশি প্রতিটা লেকচারেই কুরআনের আরো নতুন কিছু মিরাকল শেয়ার করেন, তখন মনে হয়, বাহ! এত কিছু শিখে ফেললাম! তারিক রামাদান, উনার কণ্ঠস্বরে, শব্দচয়নে কী যেন আছে। শোনার পরপরই আত্মবিশ্বাস বেড়ে যায় অনেক! চিন্তাভাবনার আরো অনেকগুলো দুয়ার খুলে যায়, আবারো হিসেব কষতে বসি আমাদের বিচারবুদ্ধির কতটুকু সত্যিই কাজে লাগাচ্ছি। মোখতার মাগরুবি - উনার কথা কী আর বলব! কানে না, মগজে না, সোজাসুজি যেন হৃদয়ে এসে ঠাঁই করে নেয় কথাগুলো। উনার লেকচার শোনার পরে একটা বাক্যও আমার মনে থাকে না, একটাও না! কিন্তু মনের মধ্যে কী জানি হয়ে যায়, আত্মার সাথে বোঝাপড়া করে নেয় মনে হয় কথাগুলো। 

আরো আছে আমিনাহ আস্ সিলমি। কী শান্ত, মিষ্টি, পুরো পৃথিবীটা যেন ভালবাসা দিয়ে ভরিয়ে দেবেন। জ্ঞানের আধিক্যের চাকচিক্য নেই, তবু মনে হয় ইসলাম যেন উনার আত্মার উপলব্ধি। এই প্রশান্তি যেন আল্লাহ ইসলাম গ্রহণের পুরস্কার হিসেবে দু'হাত ভরে উনাকে উপহার দিয়েছেন। 

আমার এইভাবে দা'ঈ দের আলোচনা সমালোচনা করা ঠিক হচ্ছে না। উনারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম প্রচার করছেন। কারো উপর কী প্রভাব পড়বে এটা উনার বা আমাদের দেখার বিষয় না। তবু আমার ভাল লাগে উনাদের পরিবেশনশৈলী, বক্তব্যের গভীরতা - এসব নিয়ে চিন্তা করতে। তাছাড়া এটাও চিন্তা করি, উনারা সংসারের প্রয়োজন মিটিয়ে ইসলামের কাজে এত সময় কী করে দেন.. এত কিছু গুছিয়ে করেন কী করে... নোমান আলী খান এর বায়্যিনাহ ইনস্টিটিউট দশমাস ব্যাপী আবাসিক কুরআন কোর্স করায়। উনি প্রতি সপ্তাহেই ট্যুর করছেন, এ দিকে ছয় সন্তানের জনক, মাশাআল্লাহ। 

ইউসুফ এস্টিস, বৃদ্ধ পক্ককেশ দাদু, কিন্তু মাশাআল্লাহ, দু দু'টো টিভি চ্যানেল চালান। উনার চ্যানেলে কেবল উনার প্রোগ্রামই দেখায়, তার মানে প্রচুর প্রোগ্রাম বানাতে হয়েছে, হচ্ছে - এগুলো চালানোর জন্য। তারপর আছেন, আব্দুর রহিম গ্রীন, উনার নাকি ১১ সন্তান। ১১! স্কলাররা, দা'ঈরা আর কিছু না হোক, সন্তানদের ভাল মুসলিম করে গড়ে তুলবেন - এ প্রত্যয় নিশ্চয়ই থাকে। তার অর্থ উনারা এত কাজের মধ্যেও এ দায়িত্বটুকু নিতে ভয় করেন নি। ইনাদের প্রত্যেকেই আমাকে ইন্সপায়ার করে, সফল জীবন বলতে উনাদেরকেই চোখের সামনে দেখি। 

আমার খুব ইচ্ছে করে সময়টাকে কষে বাঁধ দিয়ে টুপ করে ডুব দেই জ্ঞানের অতল সাগরে। যত সময় নষ্ট করেছি, সবগুলোর পাপ ধুয়ে আলোকিত, স্বচ্ছ হয়ে আসি। যখন বেরিয়ে আসব, আলোকচ্ছটায় কারো চোখ ঝলসে যাবে না, নরম এক স্নিগ্ধ আবেশে মন্ত্রমুগ্ধের মত কাছে আসবে সকলে। সূর্য না, চাঁদ না, আমি হব মোম.. আমার জ্ঞানের উত্তাপ আমাকেই গলিয়ে আরো নত করবে.. আর যেই হাত বাড়াবে, তার সাথেই ভাগ করে নেব.. তাতে আমার ঐশ্বর্য কিছুমাত্র কমবে না... 

জানিনা কখনও হবে কিনা... তবে আমি স্বপ্ন দেখতে ভালবাসি। আমি অল্পতে খুশি হয়ে যেতে ভালবাসি। আমি আজকে যেখানে আছি সেখানে কখনও আসতে চাইনি। যা হয়েছি, তা হতে চাইনি। তবু আমি বিশ্বাস করি, ঠিক এভাবেই আল্লাহ চেয়েছিলেন আমি গড়ে উঠি। আমার ধীরগতির বেড়ে ওঠা, চিন্তার জগতে একাকিত্ব, বিকলাঙ্গ সামাজিকতাবোধ, বিষণ্নতা - এ সব কিছুরই দরকার ছিল। আরো সামনে যা আসবে - তারও খুব খুব প্রয়োজন আছে। একদিন আমি আবিষ্কার করব জীবন হঠাৎ খুব তীব্র বাঁক নিয়েছে, আরও অবাক হয়ে আবিষ্কার করব, এই পথটুকু চলবার জন্যই এক পা এক পা করে আমি হাঁটতে শিখেছিলাম। সময়ের নিষ্ঠুরতায় হতোদ্যম হয়ে যখন কেবল ভাগ্যকে দোষারোপ করেছি, তখন মেঘেরও ওপারে, অনেক দূর থেকে ভাগ্যনিয়ন্তা আমার অস্থিরতা দেখে হেসেছেন। 

আমি যা, ঠিক তাই আমার হওয়ার কথা ছিল। আর কোন কিছু না। অন্য কিছুই না। ধন্যবাদ আল্লাহ! আমি জানি, একদিন আমি দেখতে পাব; ততদিন পর্যন্ত আমার অকৃতজ্ঞতার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লীজ!

Thursday, February 2, 2012

দাম্পত্য - ৭

দাম্পত্য সিরিজটা আদৌ আর চালাব কি না তা নিয়ে সবসময়েই দোনোমনায় থাকি। কিন্তু পথ চলতে চলতে একেকটা বিষয় চোখে পড়ে, যা নিয়ে প্রায় প্রতি পরিবারেই কিছু না কিছু সমস্যা হয়, তখন মনে হয়, নাহ! লিখি। আর কিছু না হোক, বিষয়টা নিয়ে চিন্তা ত করা হবে। 

স্বামী স্ত্রীর সম্পর্কটা এত বেশি জড়ানো, একে অপরকে নিয়ে, আর তার মাঝে আবেগ ভালবাসার দাবি এত বেশি, যে কোন মূহুর্তে আবেগটুকু, চাওয়াটুকু বদলে যেতে পারে ঈর্ষায়। এরকম দম্পতি প্রচুর আছে, বোঝাপড়া খুব ভাল, একজন অপরজনকে ভালও বাসে অনেক, কিন্তু তাদেরই কোন এক বিপরীত লিঙ্গের বন্ধু বা সহকর্মীর সাথে হৃদ্যতাটা একটু বাড়াবাড়ি মনে হয়। সব ঠিকঠাক, কেবল ঐ বন্ধুটির সাথে মিশলেই স্ফুলিঙ্গের মত ভেতরে জ্বলে ওঠে কী যেন। এই ঈর্ষা বুঝিয়ে বলাও যায়না। ব্যাখ্যা করা যায়না, ঈর্ষান্বিত ব্যক্তিটি হয়ত 'আমি তোমাকে খুব ভালবাসি' এই যুক্তিতে সাফাই গাইতে চাইবে, কিন্তু অপরজন এটিকে দেখবে হীনমন্যতা, বিশ্বাসের অভাব - এভাবেই। এখানে অন্যান্যবারের মত উভয়পক্ষ নিজেকে খোলাখুলি ব্যক্ত করলেও সমস্যার সমাধান হচ্ছেনা। এবং অবধারিতভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে। 

আমি সবসময়েই কোন সমস্যা দেখলে তা সমাধান করার আগে উৎসটা খুঁজে বের করার চেষ্টা করি। আমার কাছে মনে হয়েছে সামাজিক মেলামেশার ক্ষেত্রে স্বামী আর স্ত্রীর সীমানাটা যদি ভিন্ন হয়, তখন এই সমস্যার সূত্রপাত হয়। ধরুন আপনি ঢাকা ইউনিভার্সিটি/বুয়েটে পড়েছেন, সহপাঠীর সাথে এক রিকশায় ওঠা আপনার জন্য খুবই সাধারণ ব্যাপার। আপনার স্বামী/স্ত্রী হয়ত এ ব্যাপারটায় অভ্যস্ত না, তার কাছে দৃষ্টিকটু লাগছে। মানসিক টানাপোড়েনে বন্ধুর সাথে কথা বললেন অবলম্বন চাইতে, বন্ধুর স্বামী/স্ত্রী হয়ত ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিল না। আপনার স্ত্রী সোশ্যালাইজ করতে পছন্দ করে, আপনি ভালবাসেন নিজের মত থাকতে, আপনার পছন্দকে সম্মান জানিয়ে স্ত্রী যদি একাই সোশ্যালাইজ করতে শুরু করে, কিছুদিনের মধ্যে একটু ঈর্ষা, একটু সন্দেহ মনে চলে আসতেই পারে। 

এজন্য এই বিষয়ে পরিষ্কারভাবে কথা বলা খুবই জরুরি, সমস্যা শুরুর আগেই। সবচেয়ে ভাল হয় বিয়ের আগেই না হলে সম্পর্কের শুরুর দিকেই কথা বলে নিলে। এমনি এমনি কোন প্রসঙ্গ ছাড়া আলোচনা করা ত কঠিন, আপনি চাইলে বানিয়ে বানিয়ে আপনার কোন বন্ধুর উদাহরণ দিতে পারেন, 'ওদের এমন হচ্ছে, তুমি কি মনে কর?' তখন এর পক্ষে বিপক্ষে যুক্তি আসবে, হয়ত অপরজন বলবে, 'বিয়ের পরে এত মেলামেশা কী?' অথবা, 'বিশ্বাস থাকলে এগুলো আবার কোন সমস্যা নাকি?' - এভাবে আপনি জানতে পারবেন নারী পুরুষের স্বাচ্ছন্দ্যের ঠিক কোথায় আপনার অবস্থান আর কোথায় আপনার সঙ্গীর। 

দ্বিতীয় যে কারণটা আমার মনে হয়েছে গুরূত্বপূর্ণ, তা হচ্ছে ইনসিকিউরিটি। আপনার সঙ্গী/সঙ্গিনীর সর্বাবস্থায় আপনিই একমাত্র অবলম্বন আর থাকছেন না - এই বোধটা খুব ভয়ের। আমি ছাড়া আরও কারো সান্নিধ্য তার ভাল লাগতে পারে - এ ব্যাপারটা মানতে যেন খুব কষ্ট হয়। এ ধরণের ঈর্ষা শুধু বিপরীত লিঙ্গের মানুষদের মধ্যেই সীমিত থাকে না, টেলিভিশন, বই, পোষা প্রাণী, এমনকি নিজের সন্তানদের প্রতিও ঈর্ষা আসতে পারে। এই ঈর্ষাটা মূলতঃ ওখান থেকে আসে, যেখানে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনার জন্য বরাদ্দকৃত সময়টুকু অন্য কেউ/ কিছু নিয়ে যাচ্ছে। 

এ সমস্যা প্রতিরোধের উপায় কী? প্রথমেই চেষ্টা করতে হবে ইনসিকিউরিটি বোধটা দূর করতে। ছোটখাট সারপ্রাইজ, উপহার, তার পছন্দের কোন কাজ (যা আপনি আগে কোনদিন করেন নি) - এসব তার কাছে এই মেসেজটা পৌছাবে যে আপনি তার ছোটখাট সব ভাললাগার দিকেই লক্ষ্য রাখেন। ঈর্ষার উৎস যদি হয় কোন অভ্যাস, বা কোন বন্ধু, সচেতনভাবে তার সামনে কাজ দিয়ে প্রমাণ করুন যে প্রায়োরিটি লিস্টে ওসব কখনোই তার উপরে না। যেমন টিভি দেখার সময় সে কোন কথা বললে টিভিটা বন্ধ করে তার দিকে ঘুরে কথাটা শুনুন। বই পড়ার বেলায় বই বন্ধ করে মুখ তুলে তাকান। কয়েকবার এমন করলে সে মেসেজ পেয়ে যাবে, এর পর থেকে আপনি নরম সুরে বললেই হবে, আমি একটু পরে করি? সহজ! আর যদি ঈর্ষাটা কোন মানুষের বিরূদ্ধে হয়, চেষ্টা করুন এমন কোন ঘটনা এড়িয়ে চলতে যেখানে আপনার স্বামী/স্ত্রী বনাম বন্ধু - এদের মধ্যে কোন একজনের প্রোগ্রাম বেছে নিতে হয়। একই ট্রিকস বাচ্চাদের জন্যেও প্রযোজ্য। বাচ্চারা ঠিকই বুঝে ফেলে বাবা মা তাদের চেয়ে টেলিভিশন কে বা অন্য কিছুকে বেশি প্রাধান্য দিচ্ছে কিনা। প্রতিশ্রুতি করে সেটা ভাঙলে কিছুতেই আপনার উপর শ্রদ্ধা বাড়বে না, এটা নিশ্চিত। 

ঈর্ষার প্রথম কারণটা আমি মনে করি সমাধান করা বেশি কঠিন। যে রক্ষণশীল তার যেমন নিজের পক্ষে অনেক ভাল ভাল যুক্তি আছে, যে উদার, তারও আছে। অনেক সময় দেখা যায় মানুষ রক্ষণশীল দৃষ্টিভঙ্গিটাকেই ন্যায্য বলে ধরে নেয়, অপরজন তখন একই সাথে অপমানিত ও অসহায় বোধ করে। এই বোধ স্বামী স্ত্রীর মধ্যে থাকা খুবই বিপদজনক। কারণ তখন স্বাভাবিক আবেগ ভালবাসার পথ রূদ্ধ হয়ে যায়। 

ত কী করতে হবে? যে রক্ষণশীল, তাকেই সহনশীল হতে হবে। কারণ জোর জবরদস্তি করে নিষ্পত্তি করার চেষ্টা করা বোকামি। সম্ভব হলে সরাসরি বলতে পারেন, 'এই কাজগুলো আমি সহজভাবে নিতে পারিনা। আমার মধ্যে প্রচণ্ড ঈর্ষা তৈরি হয়, যা আমি নিয়ন্ত্রণ এ রাখতে পারিনা।' তখন অপরপক্ষ স্বাভাবিকভাবেই বলতে পারে, 'এটা তোমার সমস্যা, আমি কেন তার জন্য বন্ধুত্ব নষ্ট করব?' আপনি তখন বুঝিয়ে বলতে পারেন যে 'একটা পরিবার খুব রক্ষণশীল থেকে খুব উদার - যে কোন অবস্থানে থেকেই চলতে পারে। এটা আমার বা তোমার সমস্যা নয়, এটা আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের সমস্যা। আমি চেষ্টা করব তোমার মত করে চিন্তা করতে, কিন্তু তুমিও চেষ্টা কর এমন কোন সমস্যা যেন না হয় সেটা খেয়াল রাখতে।' এর পাশাপাশি আপনি যাকে নিয়ে ঈর্ষান্বিত হন, তাকে নিয়ে আরো বেশি বেশি চিন্তা করে দেখুন, সে মানুষটার সব কিছুই কি খারাপ? নাকি একটু দু'টো কাজ আপনার ভাল লাগেনা। তখন আপনার সঙ্গীকে আরো পরিষ্কার করে বলতে পারবেন, ঠিক এই বিষয়গুলো তে আমার আপত্তি। কেন আপত্তি সেটাও চিন্তা ভাবনা করে নিশ্চিত হয়ে নিন। আপনি যদি এতখানি পরিশ্রম করেন, আপনার সঙ্গী বুঝতে পারবে যে আপনি সত্যিই সমস্যা সমাধানে আন্তরিক। তখন তার তরফ থেকেও আন্তরিকতা বাড়বে। 

পরিশেষে, একটা চমৎকার দু'আ করুন দু'জনে মিলে, হে আল্লাহ! আমাদের মধ্যে যে ভুল পথে আছে তাকে তুমি শুধরে দাও, আর যে সঠিক পথে আছে তাকে ধৈর্য ধরার শক্তি দাও।